এ বছর সাড়ে ৪২ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দিয়েছেন। এবার অফলাইনে বা সনাতনি পদ্ধতিতে রিটার্ন দেওয়ার সুযোগ ছিল না। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় অনেক করদাতা ভুল করেছেন, যা ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে।
এখন অনেক করদাতা শূন্য রিটার্ন দেন। তাঁদের অনেকেই নিজের আয়-ব্যয়ের সঠিক তথ্য না দিয়ে কর ফাঁকি দেওয়ার জন্য শূন্য রিটার্ন জমা দেন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে শূন্য রিটার্ন দেওয়া হলে জেল ও জরিমানা হতে পারে।
এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যত রিটার্ন জমা পড়ে, এর মধ্যে ২৫-৩০ শতাংশ শূন্য রিটার্ন পড়ে। এখন সোয়া এক কোটির মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে ৪০-৪২ লাখ টিআইএনধারী প্রতিবছর রিটার্ন জমা দেন। একাধিকবার সময় বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।